
দীর্ঘ রাজনৈতিক জীবন ও উন্নয়ন কর্মকাণ্ডে মানুষের হৃদয়ে স্মরণীয় সিলেট-৩ আসনের সাবেক এমপি
সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের এই দিনে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মাহমুদ উস সামাদ চৌধুরী দীর্ঘদিন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
তাঁর মৃত্যুর পরদিন মরদেহ সিলেটে আনা হলে ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিজ এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর কর্মময় জীবন, এলাকার উন্নয়নে অবদান এবং মানুষের প্রতি ভালোবাসা আজও ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার মানুষের হৃদয়ে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করছে।
ফেঞ্চুগঞ্জভিউ পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীকে স্মরণ করছে এবং মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

প্রতিনিধি 









