
বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কায় দেশের সার উৎপাদন সচল রাখতে গ্যাসের রেশনিং বা নিয়ন্ত্রিত বণ্টন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এক মাসের জন্য বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক জরুরি সভায় আগামী তিন মাস—এপ্রিল থেকে জুন পর্যন্ত—গ্যাস রেশনিংয়ের মাধ্যমে দেশের সার কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গত ৩ এপ্রিল থেকে উক্ত কারখানার উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি-এর কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে সার উৎপাদন খাত সচল রাখতে গ্যাস সরবরাহের পরিকল্পনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মে ও জুন মাসে ফেঞ্চুগঞ্জের এই কারখানায় পুনরায় গ্যাস সরবরাহ চালু করা সম্ভব হতে পারে।
শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জিএম (এডমিন) সাজ্জাদুর রহমান জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী গত ৩ এপ্রিল দুপুর থেকে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

প্রতিনিধি 









